সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বিভিন্ন সড়ক ও যোগাযোগ ব্যবস্থা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত এবং পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন। এ সময় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করে জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
রোববার (১২ জুলাই) জেলার পানছড়ি উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তারা ৪ নম্বর লতিবান ইউনিয়নের নালকাটা-শুকনাছড়ি সড়কের ভাঙা অংশ এবং পানছড়ি-খাগড়াছড়ি প্রধান সড়কের পানছড়ি সিনিয়র ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন ক্ষতিগ্রস্ত স্থান সরেজমিনে ঘুরে দেখেন।
পরিদর্শনের সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার চলমান মেরামত কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত, টেকসই ও মানসম্মতভাবে সংস্কার কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।
জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সচল করে জনদুর্ভোগ কমাতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলোকে দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন, পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় পানছড়ি উপজেলার বিভিন্ন সড়ক, কালভার্ট ও যোগাযোগ অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদের চলাচল ও নিত্যপ্রয়োজনীয় কার্যক্রমে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার করে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে আনতে প্রশাসনের উদ্যোগ অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন