পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিপুল চন্দ্র রায় (৩৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার সবুজপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বিপুল চন্দ্র রায় একই এলাকার জগেশ চন্দ্র রায়ের ছেলে। তিনি দেবীগঞ্জ বাজারে মোবাইল এক্সেসরিজ ও মোবাইল ব্যাংকিং ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি অনলাইন জুয়ার কারণে বিপুল আর্থিক সংকটে পড়েছিলেন। এ নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে স্বজনদের দাবি। তবে আত্মহত্যার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
পরিবারের সদস্যরা জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দীর্ঘ সময় ধরে ডাকাডাকি করেও বিপুলের কোনো সাড়া না পেয়ে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পরে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শেষে মরদেহ উদ্ধার করে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মূসা জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অনলাইন জুয়ার কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন