সিলেটের বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা ও পৌর এলাকার ১৫টি অসহায়, গরিব ও দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে পৌর শহরের নতুন বাজার এলাকায় ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়।
সংগঠক ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠক আব্দুল মুতাকিন, শাহ লায়েক, জামিল আহমদ, শিবলু মিয়া, দুলাল মিয়াসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে মুঠোফোনে বক্তব্য দেন শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আসন্ন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম। তিনি বলেন, মানবতার কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই শাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে।
তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে আমরা নীরবে এলাকার অসহায়, গরিব ও দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করছি। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজন পূরণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সর্বস্তরের মানুষের সহযোগিতা পেলে ভবিষ্যতে এ কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করা হবে।”
আয়োজকরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা পৌঁছে দেওয়াই শাহ ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
মন্তব্য করুন