যথাযোগ্য মর্যাদায় নাটোরের নলডাঙ্গায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খান-এর সভাপতিত্বে আয়োজিত সভায় জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করা হয় এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাইয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অসংখ্য ছাত্র-জনতা আত্মত্যাগ করেছেন। অনেকে আহত হয়ে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন। তাঁদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনের চেতনা ও আদর্শ ধারণ করে একটি মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভা শেষে জুলাই আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রকিবুল হাসান সুজন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম, উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল, উপজেলা জামায়াতে ইসলামীর নেতা আব্দুর রব, সমাজসেবক আলহাজ ইয়াছিন উর রহমান, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি এম জহুরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন