চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সরলা ফুলতলা এলাকায় অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদনের একটি কারখানায় অভিযান চালিয়ে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৯টা থেকে বুধবার (৫ আগস্ট) রাত দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউশনের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ।
অভিযানকালে দেখা যায়, প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়াই পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর উপায়ে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদন করা হচ্ছে। এতে বায়ুদূষণসহ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি হচ্ছিল।
পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক আবু সাঈদের দায়ের করা প্রসিকিউশনের ভিত্তিতে আদালত অভিযুক্ত ৮ জনকে ১ থেকে ৩ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদের কারাদণ্ড এবং ১০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদান করেন।
এছাড়া পুনরায় অবৈধ কার্যক্রম পরিচালনা রোধে নেসকো-১-এর সহযোগিতায় কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের দুটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ বলেন, পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
মন্তব্য করুন