পঞ্চগড় সদর উপজেলার মিলগেট বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় জয়নাল আবেদীন (৪৫) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। তিনি পূবালী ব্যাংকের বোদা শাখায় নিরাপত্তাকর্মী (সিকিউরিটি গার্ড) হিসেবে কর্মরত ছিলেন।
রোববার (১৬ আগস্ট) পঞ্চগড় সদর উপজেলার মিলগেট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদীন তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের শান্তিনগর গ্রামের মুহাম্মদ আসিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিলগেট বাজার এলাকায় একটি ট্রাকের ধাক্কায় জয়নাল আবেদীন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, মিলগেট বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জয়নাল আবেদীনের মৃত্যুর খবরে তার পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন