দিনাজপুরের সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে ১৫ যুবককে ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চার সপ্তাহের প্রশিক্ষণ শেষে তাদের সনদপত্র ও প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল টুলস দেওয়া হয়েছে।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। গত ২৬ জুলাই থেকে শুরু হওয়া ‘বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং’ প্রশিক্ষণ মঙ্গলবার (১৮ আগস্ট) আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও প্রয়োজনীয় ইলেকট্রিক্যাল টুলস বিতরণ করেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা। এ সময় আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক আরিফুজ্জামান আরিফ এবং ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান।
প্রশিক্ষণ সংশ্লিষ্টরা জানান, সীমান্তবর্তী এলাকার শিক্ষিত ও বেকার যুবকদের কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ায় প্রশিক্ষণার্থীরা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজ এলাকায় কাজের সুযোগ তৈরি করতে পারবেন।
বিজিবির এমন উদ্যোগ সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
মন্তব্য করুন