শিশুর প্রতি সহিংসতা ও শোষণ প্রতিরোধে বাগেরহাটের রামপালে অংশীজনের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) পরিচালিত ‘অগ্রযাত্রা’ প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসি বলেন, শিশুদের জন্য নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সমাজের সর্বস্তরের মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, শিশুদের অধিকার সুরক্ষায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, সমাজের প্রত্যেককে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিশুদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা ও শোষণ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পরামর্শ সভায় শিশুদের প্রতি সহিংসতা ও শোষণ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ ছাড়া শিশু সুরক্ষায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনের মধ্যে সমন্বয় আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তারা শিশুদের প্রতি সহিংসতা ও শোষণ বন্ধে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন