ঝালকাঠিতে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা পরিচালিত প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের ফকিরবাড়ি রোডে অবস্থিত বিদ্যালয়টি পরিদর্শনে যান তিনি। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা তাকে স্বাগত জানান।
পরিদর্শনকালে ড. জিয়াউদ্দিন হায়দার প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনা ও দৈনন্দিন কার্যক্রমের খোঁজখবর নেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের গান ও আবৃত্তি শোনেন। এ সময় শিক্ষার্থীদের উৎসাহ দেন তিনি।
পরে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন ড. জিয়াউদ্দিন হায়দার। তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের পরিচর্যা ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশ এবং তাদের জন্য আরও সহায়ক পরিবেশ তৈরির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
পরিদর্শন শেষে বিদ্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি ও ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজের সভাপতিত্বে সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক মো. শাহাদাৎ হোসেন, যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাদেশি প্রবাসীদের সংগঠন লাভ শেয়ার বিডির সভাপতি জাহিদ হোসেন খান, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান জসীমসহ সংশ্লিষ্টরা।
বিদ্যালয়ের দাতা সদস্য আজমির হোসেন তালুকদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন