মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম চৌধুরী।
সমাবেশে আগামী এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করা, শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত ক্লাসে উপস্থিতি, শিক্ষকদের নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত পড়াশোনা, ক্লাসে উপস্থিতি ও শিক্ষকদের নির্দেশনা মেনে চলার বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের আইনজীবী ও বিদ্যালয়ের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুর রহমান, বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি মাওলানা দুরুদ আহমেদ, দাতা সদস্য আমিরুল ইসলাম সাহেদ, ইউপি সদস্য মো. ইলিয়াছ মিয়া, অভিভাবক আবুল হোসেন ও সামছুল ইসলামসহ অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম।
এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক সদস্য মো. সেলিম মিয়া, সহকারী শিক্ষক শুভ্রত চন্দ্র বিশ্বাস, দূর্যয় গোপ, খাইরুল ইসলামসহ শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন