মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় বিজিবি, র্যাব ও জেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, অবৈধ ভারতীয় পণ্য পাচারের গোপন সংবাদের ভিত্তিতে যৌথ টাস্কফোর্সের একটি দল রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক।
এ সময় জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
অভিযানে রেলস্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করা হয়। বিজিবির প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দকৃত পণ্যের সিজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।
বিজিবি জানায়, বেআইনিভাবে আমদানি ও পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় এসব পণ্য জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত পণ্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্য প্রবেশ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।
মন্তব্য করুন