চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি ও অতিরিক্ত সার মজুদের অভিযোগে এক ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় মেসার্স ইসলাম ট্রেডার্স নামের একটি খুচরা ডিলারের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুদের বিষয়টি ধরা পড়ে। পরে দোকানের মালিক মো. নুর ইসলামকে (৫০) ১ লাখ টাকা অর্থদণ্ড করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ।
অভিযান সূত্রে জানা যায়, দোকানটিতে অবৈধভাবে ২৫৯ বস্তা ইউরিয়া, ১০৬ বস্তা ডিএপি ও ৪৫ বস্তা টিএসপি মজুদ করে রাখা হয়েছিল। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এসব রাসায়নিক সার বিক্রির অভিযোগও পাওয়া যায়।
অভিযানে উদ্ধার করা সারগুলো সরকার নির্ধারিত মূল্যে যথাযথভাবে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিক্রয়লব্ধ অর্থ দোকানের মালিককে বুঝিয়ে দেওয়ার জন্য ঝিলিম ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অভিযানে সদর উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সদর মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
কর্তৃপক্ষ জানায়, কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন