মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে বালুর ব্যবসা পরিচালনার অভিযোগে মো. জামাল খান নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে দখল করা জায়গায় রাখা বালু দুই দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের কমলাপুর-ডুমাইন ঘাট এলাকায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে পরিবেশ সংরক্ষণ আইনে মো. জামাল খানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জামাল খান ঘাটে চলাচলের জায়গা দখল করে সেখানে বালু রেখে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। পরে তিনি ওই জায়গাটি মো. মাহমুদ, পিতা নান্নু মিয়া, গ্রাম নাকোলের কাছে লিজ দিয়ে ব্যবসা পরিচালনার সুযোগ দেন বলে স্থানীয়রা জানান।
মোবাইল কোর্ট চলাকালে ইউএনও জামাল খানকে দখল করা জায়গা থেকে বালু সরিয়ে নেওয়ার জন্য দুই দিনের সময়সীমা বেঁধে দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘাটের চলাচলের জায়গা দখল করে বালু রাখায় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ও ঘাট ব্যবহারকারীদের চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছিল। প্রশাসনের অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেন।
অভিযানের সময় কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আয়ুব হোসেন খান, নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল মালেকসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্থানীয় মাহবুবুর রহমান, আসলাম হোসেন, আজাদ বিশ্বাস, মো. মসলেম বিশ্বাস, মোহাম্মদ আলী, মো. দুলাল বিশ্বাস, তপন বিশ্বাস, মো. তুহিন খান, মো. মিজান মোল্লা, মো. শহর আলী, মো. জাহাঙ্গীর খান, মো. তাহসিন বিশ্বাস এবং ঘাটের মাঝি দুলাল শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন