চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় অনুমোদিত মাত্রার বেশি শব্দ সৃষ্টিকারী ৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দ্বারিয়াপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৬(২) ধারা লঙ্ঘন করে অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৪টি ট্রাক ও ২টি বাসের চালক/প্রতিনিধির বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়। এসব মামলায় মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
এ ছাড়া নির্মাণসামগ্রী অনাবৃত অবস্থায় পরিবহনের দায়ে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ্র। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু সাঈদ।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
এ সময় শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ এবং বিভিন্ন যানবাহনে শব্দদূষণবিরোধী স্টিকার লাগানো হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, জনস্বার্থে শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন