জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ বিকাশের গুরুত্ব তুলে ধরে মৌলভীবাজারে ‘জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন স্থানীয় সরকারের উপপরিচালক রুবেল মাহমুদ।
সেমিনারটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক তানভির আহমদ।
বক্তারা বলেন, একটি জাতির পরিচয় ও স্বকীয়তা রক্ষায় সংস্কৃতি ও ঐতিহ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সেমিনারে জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, তরুণ প্রজন্মকে দেশীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং সামাজিক অবক্ষয় রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে সালিক রুমাইয়াসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন