
বগুড়ার শিবগঞ্জে পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে বহনকারী গাড়ি। এতে প্রতিমন্ত্রী ও তার স্ত্রী নাজমা আরা বারী আহত হয়েছেন। দুর্ঘটনায় ওই পথচারী নারীও আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান।
জানা যায়, ঢাকা থেকে জয়পুরহাটের কালাই উপজেলায় পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী। পথে কিচক ব্রিজের কাছে পৌঁছালে হঠাৎ এক নারী পথচারী গাড়ির সামনে চলে আসেন। তাকে বাঁচাতে চালক দ্রুত গাড়ির গতিপথ পরিবর্তনের চেষ্টা করেন।
এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের কৃষিজমিতে পড়ে যায়। দুর্ঘটনার পর প্রতিমন্ত্রী, তার স্ত্রী ও বডিগার্ডকে উদ্ধার করে প্রথমে কালাইয়ে প্রতিমন্ত্রীর বাসায় নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরে প্রতিমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনায় আহত পথচারী নারী হলেন শিবগঞ্জের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৫৫)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান বলেন, দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পথচারী ফিরোজা বেগমও আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন