মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি দোকানঘর থেকে ১১ জনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমলসার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, আমলসার গ্রামের একটি দোকানে দীর্ঘদিন ধরে একটি চক্র জুয়ার আসর পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কথিত মূলহোতা মোকাদ্দেস পালিয়ে যান। পরে দোকানঘর থেকে জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—আমলসার গ্রামের মো. ইউনুস শেখ (৪২), মো. জসিম শেখ (২৮), মো. সুখ চাঁদ শেখ (৩০), মো. সাইদ মোল্লা (৪০), মো. ইসরাত শেখ (৩২), মো. দেলোয়ার হোসেন (৫০), মো. বাবলু শেখ (৪৩), মো. বাহারুল ইসলাম (৪৮), কোদলা গ্রামের মো. শাহজাহান মোল্লা (৫০), বিলনাজুর গ্রামের মো. আজের আলী শেখ (৪০) এবং কচুবাড়িয়া গ্রামের মো. ইউনুস শেখ (৪৫)।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আরও যারা জড়িত, তাদের আটকের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, আমলসার গ্রামে দীর্ঘদিন ধরে একটি চক্র বিভিন্ন নির্জন স্থানে রাতের আঁধারে জুয়ার আসর পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে। জুয়া খেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন