রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ প্রকৌশলী মাহমুদুল হাসানের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজা বেগম মিষ্টি, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান নিপুল, জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নয়ন এবং গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুর রহমান বকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে আয়োজক মাহমুদুল হাসানের উদ্যোগে পাঁচ শতাধিক বিভিন্ন প্রজাতির চারা গাছ স্থানীয় মানুষের মধ্যে বিতরণ করা হয়। একই সঙ্গে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং বৃক্ষরোপণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক পরিতোষ চক্রবর্তী বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। পাশাপাশি মাছের উৎপাদন বাড়াতে মৎস্য চাষের দিকেও নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে দলের নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পরে অধ্যাপক পরিতোষ চক্রবর্তী বৃক্ষরোপণ ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত কর্মসূচিতে অংশ নেন।
মন্তব্য করুন