পটুয়াখালীর মহিপুর থানাধীন লতাচাপলি ইউনিয়নের ডঙ্কুপাড়া গ্রামে চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান (১৫) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) লতাচাপলি ইউনিয়ন পরিষদের পাশের একটি গলি থেকে এসআই জাকির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে হাসান নিজ বাড়িতে তার আট বছর বয়সী বোনসহ চার শিশুকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। অন্য তিন শিশুর বয়স ছয়, আট ও নয় বছর।
ঘটনার পর স্থানীয় কয়েকজন হাসানকে শারীরিকভাবে আঘাত করেন এবং তার মাথার আংশিক চুল কেটে দেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার ভিডিও বা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরে এক শিশুর মা বাদী হয়ে ১৫ সেপ্টেম্বর মহিপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) ধারায় মামলা করেন।
মামলার পর ১৬ সেপ্টেম্বর দুই ভুক্তভোগী শিশু আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি দেয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হাওলাদার বলেন, অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। এসআই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান।
মন্তব্য করুন