‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সচেতনতামূলক র্যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ড মোকাবিলা বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রমের বাস্তব মহড়া প্রদর্শন করেন।
উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান উল্লাহ। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, সতর্কবার্তা অনুসরণ এবং জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই। দুর্যোগ মোকাবিলায় সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অপরদিকে আন্তর্জাতিক দুযোগ প্রশমন দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডির উদ্যোগে মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া ও সন্ন্যাসী জলবায়ু যুব সংগঠন এর বাস্তবায়নে ৩শ’ তালের বীজ রোপন করা হয়। সিসিডিবির মাঠকর্মীবৃন্দ ও উপজেলা সম্বনয়কারি সুব্রত মিস্ত্রী এ সময় উপস্থিত ছিলেন।