নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ‘ফ্যামিলি কার্ড কার্যক্রম: স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’—এই স্লোগানকে সামনে রেখে প্রাথমিক পর্যায়ে উপজেলার তিনটি ইউনিয়নের তিনটি ওয়ার্ডে এ জরিপ ও তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে।
সোমবার (১২ অক্টোবর ২০২৬ খ্রি.) দুপুর ২টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিষয়ে একটি অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বক্তব্যে বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম সরকারের একটি অত্যন্ত জনবান্ধব উদ্যোগ। এর মাধ্যমে সঠিক ও প্রকৃত উপকারভোগীদের তথ্য সংগ্রহ করে দেশের প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করে তোলার প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করা হবে। তথ্য সংগ্রহ কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
সভায় জানানো হয়, প্রাথমিক পর্যায়ে উপজেলার ১২ নং জিউধরা,১১নং বহরবুনিয়া ও হোগলাবুনিয়া ইউনিয়নের ১, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য এলাকাতেও পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। এই কার্যক্রমের মাধ্যমে পরিবারের প্রকৃত অবস্থা ও প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

প্রেস কনফারেন্সে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, আইসিটি অফিসার ত্রিদীপ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান শেষে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য তিন ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীর হাতে ট্যাব তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
মন্তব্য করুন