
চাঁপাইনবাবগঞ্জে “জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে আয়োজিত এই দিবস উদযাপনের মূল কর্মসূচি ছিল বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা।
দিবসটি উপলক্ষে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কপথ দিয়ে র্যালীটি বের হয়, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশ নেন। র্যালীতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও পোস্টার নিয়ে গ্রন্থাগারের গুরুত্ব ও জ্ঞানচর্চার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন।
র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার এবং চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ। আলোচনা সভায় জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজিয়া আফরিন সভাপতিত্ব করেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, নবীন ও প্রবীণ পাঠকসহ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা গ্রন্থাগারের গুরুত্ব ও ভূমিকা তুলে ধরেন এবং বলেন, একটি আলোকিত ও সচেতন জাতি গঠনের জন্য বইপড়া অপরিহার্য। তারা আরও উল্লেখ করেন, জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস গড়ে তুলতে গণগ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আলোচনা সভার পরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এবারের প্রতিযোগিতাগুলোর মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি গ্রুপে ১৪ জন, বইপাঠ প্রতিযোগিতায় উন্মুক্ত গ্রুপে ৬ জন, রচনা প্রতিযোগিতায় নবম থেকে স্নাতকোত্তর গ্রুপে ৩ জন এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় দুইটি গ্রুপে ৬ জন অংশগ্রহণকারী বিজয়ী হন।
দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে দৃঢ় উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে গ্রন্থাগারের গুরুত্ব ও পাঠাভ্যাসে সক্রিয় অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানানো হয়।
জেলা সরকারি গণগ্রন্থাগারের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চার প্রেরণা জোগাচ্ছে এবং চাঁপাইনবাবগঞ্জে বইপড়া ও শিক্ষার সংস্কৃতিকে আরো শক্তিশালী করছে।
মন্তব্য করুন