চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১২টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। জব্দ করা মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য তিন লাখ টাকা।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকাল ৯টা ৪০ মিনিটে শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের পশ্চিমপাড়ায় এ অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ১৮৭/১০-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি।
৫৯ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালমারা বিওপির নায়েক সুশীল চাকমার নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় বিভিন্ন মডেলের ১২টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়।
জব্দ করা মালামালের বিষয়ে বর্তমানে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিজিবি সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। সজাগ দৃষ্টি ও পেশাদারিত্বের সঙ্গে সীমান্ত সুরক্ষায় বিজিবি সবসময় তৎপর রয়েছে।”
মন্তব্য করুন