
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির সঙ্গে থাকা লাগেজে বিপুল পরিমাণ নগদ অর্থ পাওয়া গেছে। জব্দকৃত টাকার সঠিক পরিমাণ নির্ধারণে তা মেশিনের মাধ্যমে গণনা করা হচ্ছে। একই সঙ্গে তার কাছে থাকা বিভিন্ন নথিপত্রও জব্দ করা হয়েছে, যেগুলো যাচাই-বাছাই প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান বেলাল উদ্দিন। গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি জোরদার করা হলে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তল্লাশি চালিয়ে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৫০ লাখ টাকার বেশি নগদ অর্থ উদ্ধার করা হয়।
আটকের সময় ধারণ করা একটি ভিডিওতে বেলাল উদ্দিনকে নিজের পরিচয় দিতে শোনা যায়। তিনি জানান, তার বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া এলাকায় এবং তিনি দবিরুল ইসলামের ছেলে। পাশাপাশি তিনি ঠাকুরগাঁও শালন্দা কলেজের শিক্ষক বলেও উল্লেখ করেন। লাগেজে থাকা অর্থের বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, উদ্ধারকৃত টাকা তার গার্মেন্টস ব্যবসার লেনদেনসংক্রান্ত।
এদিকে আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার প্রেক্ষাপটে বিপুল টাকাসহ একজন জেলা পর্যায়ের রাজনৈতিক নেতার আটকের ঘটনায় বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আইনশৃঙ্খলা বাহিনী অর্থের উৎস, বহনের উদ্দেশ্য এবং সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে।
পুলিশ জানায়, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন