
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফলে ১১ দলীয় ঐক্য জোট এগিয়ে রয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে এই অগ্রগতিকে এখনই চূড়ান্ত হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর মিরপুরে জামায়াতের নির্বাচনি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
জামায়াত আমির বলেন, ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা কার্যক্রম শুরু হয়েছে এবং প্রাপ্ত ফলাফলে ১১ দলীয় ঐক্য এগিয়ে আছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। তবে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের আগে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
তিনি আরও জানান, ভোটের ফলাফল ও সার্বিক পরিস্থিতি নিয়ে রাত ১১টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে আরেকটি সংবাদ সম্মেলন আয়োজন করা হবে।
ডা. শফিকুর রহমান বলেন, “যদি জাতির গুরু দায়িত্ব আমাদের ওপর অর্পিত হয়, তাহলে গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করবো। আমাদের ইতিবাচক কাজে কোথাও ভুল হলে অবশ্যই সমালোচনা করবেন।”
মন্তব্য করুন