
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে শক্ত অবস্থান তৈরি করেছেন অনেক আগেই। নাটক, টেলিফিল্ম কিংবা বিশেষ উৎসবের প্রযোজনায় তার স্বতঃস্ফূর্ত অভিনয় প্রশংসিত হয়েছে বারবার। তবে অভিনয়ের বাইরেও তার আরেকটি পরিচয় রয়েছে—তিনি একজন প্রশিক্ষিত গায়িকা। দীর্ঘদিন আড়ালে থাকা সেই সঙ্গীতসত্তাকেই এবার সামনে আনতে প্রস্তুত এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তানিয়া বৃষ্টি জানান, গান তার জীবনের আকস্মিক কোনো অনুষঙ্গ নয়; বরং শৈশব থেকেই এর সঙ্গে তার গভীর সম্পর্ক। তিনি বলেন, ছোটবেলা থেকেই তিনি প্রফেশনালি গান শিখেছেন দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট এবং শিশু-কিশোরদের সাংস্কৃতিক সংগঠন কচি-কাঁচার মেলা-তে। সেখান থেকেই তার গানের ভিত গড়ে ওঠে। নিয়মিত তালিম ও চর্চার মধ্য দিয়ে সংগীতের প্রতি তার ভালোবাসা আরও গভীর হয়।
তবে সময়ের সঙ্গে অভিনয়ই হয়ে ওঠে তার প্রধান ব্যস্ততা। নাটকের শুটিং, নতুন প্রজেক্ট, প্রচারণা—সব মিলিয়ে গান চর্চা কিছুটা পেছনে পড়ে যায়। তানিয়া নিজেও স্বীকার করেন, প্রথাগত শিক্ষা থাকা সত্ত্বেও অভিনয়ের ব্যস্ততার কারণে গানে নিয়মিত সময় দেওয়া হয়ে ওঠেনি। তবুও মন থেকে কখনো গানকে সরিয়ে দেননি তিনি।
দর্শক প্রথমবার তার গায়িকা সত্তার সঙ্গে পরিচিত হন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি-তে তার পরিবেশনার মাধ্যমে। পাশাপাশি নিজের অভিনীত একটি নাটকে মৌলিক গানে কণ্ঠ দিয়ে প্রশংসা কুড়ান তিনি। এ প্রসঙ্গে তানিয়া বলেন, যখন নিজের নাটকে একটি মৌলিক গান গাইলেন এবং ‘ইত্যাদি’-তে পারফর্ম করলেন, তখন অনেকেই জানতে পারলেন যে তিনি গানও করেন। দর্শকের ইতিবাচক সাড়া তাকে নতুন করে অনুপ্রাণিত করেছে।
এবার আর শুধু সীমিত পরিসরে নয়, নিজস্ব মৌলিক গান প্রকাশের পরিকল্পনা নিয়েই এগোতে চান তানিয়া বৃষ্টি। দীর্ঘদিন ধরে মনে লালন করা সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার সময় এসেছে বলে মনে করছেন তিনি। তার ভাষায়, সব সময়ই ভাবতেন একটু সময় পেলেই নিজের অরিজিনাল গান প্রকাশ করবেন। কিন্তু নানা ব্যস্ততায় বছর কেটে গেছে। এখন তিনি গান নিয়ে সিরিয়াসভাবে কাজ শুরু করার ইঙ্গিত দিয়েছেন।
অভিনয়ের পাশাপাশি সংগীতে নিয়মিত হওয়ার এই সিদ্ধান্ত তানিয়া বৃষ্টির ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। প্রশিক্ষণ, অভিজ্ঞতা এবং জনপ্রিয়তার সমন্বয়ে তিনি সংগীতাঙ্গনেও নিজস্ব অবস্থান তৈরি করতে পারবেন—এমন প্রত্যাশাই করছেন তার ভক্তরা।
মন্তব্য করুন