
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে পৃথক পৃথক অভিযানে ১৬টি ভারতীয় গরু জব্দ করেছে। শনিবার (১০ জানুয়ারি) ভোর ৫টা থেকে ৯টা পর্যন্ত প্রায় চার ঘণ্টার মধ্যে ৫৩ বিজিবি-এর বিশেষ টহলদল চারটি অভিযান পরিচালনা করে।
জব্দকৃত গরুগুলি মনাকষা বিওপি শিবগঞ্জ থানাধীন বিভিন্ন গ্রামের থেকে উদ্ধার করা হয়। মনোহরপুর গ্রাম থেকে ৬টি, ফকিরপাড়া গ্রাম থেকে ৪টি, চৌধুরী স্মরণী গ্রাম থেকে ৪টি এবং তেররশিয়া গ্রাম থেকে ২টি গরু জব্দ করা হয়। এই ১৬টি গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ২৬ লাখ টাকা। জব্দকৃত গরুগুলি চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
৫৩ বিজিবি-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যাটালিয়ন এলাকায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় সতর্ক ও তৎপর রয়েছে। বিশেষত সাম্প্রতিক শীতকালীন মৌসুমে টহলদল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা সীমান্ত এলাকায় শান্তি, নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে সব সময় প্রস্তুত।
মন্তব্য করুন