
চাঁপাইনবাবগঞ্জ জেলায় হাম-রুবেলা প্রতিরোধে ব্যাপক টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
দেশের বিভিন্ন অঞ্চলে হাম-এর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে সরকার এই টিকাদান কার্যক্রম শুরু করেছে। নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় একযোগে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৌতম কুমার বিশ্বাস (পুলিশ সুপার), উজ্জ্বল কুমার ঘোষ (উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ ও পৌর প্রশাসক), ডা. এ কে এম শাহাব উদ্দীন (সিভিল সার্জন), ডা. মুহাম্মদ মশিউর রহমান (হাসপাতালের তত্ত্বাবধায়ক), ডা. আব্দুস সামাদ (আরএমও), মোঃ মামুন অর রশীদ (পৌরসভার নির্বাহী কর্মকর্তা) এবং মোঃ একরামুল হোসাইন (সদর মডেল থানার ওসি) সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলার প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা গেলে হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। তিনি জোর দিয়ে বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও আশ্বস্ত করেন যে, টিকার কোনো ঘাটতি থাকবে না এবং সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের লক্ষ্য করে বিভিন্ন টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। নির্ধারিত কেন্দ্রগুলোতে অভিভাবকদের উপস্থিতিতে শিশুদের বিনামূল্যে টিকা প্রদান করা হবে। পুরো কর্মসূচিটি টানা ১৫ দিন ধরে চলবে, যাতে জেলার কোনো শিশু টিকার বাইরে না থাকে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, সময়োপযোগী এই উদ্যোগ শিশুদের মধ্যে সংক্রামক রোগের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি অভিভাবকদের সচেতন অংশগ্রহণ এই কর্মসূচির সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
উল্লেখ্য, সারা দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় একযোগে এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং এতে আন্তর্জাতিক বিভিন্ন স্বাস্থ্য সংস্থাও সহযোগিতা করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে হাম-রুবেলা নির্মূলে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব হবে।
মন্তব্য করুন