রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শ্রীপুর উপজেলার ৯ জন মৎস্যচাষি, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মৎস্য খাতে অবদানের স্বীকৃতি হিসেবে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে নির্বাচিত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা এ জেড এম তৌহিদুল ইসলাম হেলাল। শ্রীপুর প্রেস ক্লাবের সহসভাপতি মো. আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস দুলাল, মৎস্যচাষি পরেশ বিশ্বাসসহ অনেকে।
বক্তারা বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাছের উৎপাদন বাড়াতে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চাষাবাদ, জলাশয়ের যথাযথ ব্যবহার এবং মৎস্যচাষিদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, উপজেলা প্রকৌশলী আবুল ফজল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সি রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্যা খলিলুর রহমান ও মো. মাসুদ মজুমদার, গয়েশপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসিনা বেগম, জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মুন্সি জয়নুল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জহুরুল হক, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবু রায়হান রিংকুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মন্তব্য করুন