কুড়িগ্রাম শহরের ধরলা সেতুসংলগ্ন টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) রাত ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খুলনা জেলার ফুলতলা উপজেলার ধোপাখোলা এলাকার মোস্তাকিম (২৪) ও লিটন কাজী (২৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধরলা সেতুসংলগ্ন টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহারের অভিযোগে প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন