চাঁপাইনবাবগঞ্জে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ১ হাজার ৫০০ ফলজ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় জেলার গণকা অগ্রণী মোড়ে অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ রক্ষা ও সামাজিক বনায়ন জোরদারে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ, জেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনিছুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক আসলাম হোসেনসহ সমিতির নির্বাহী সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কর্মসূচিতে সমিতির সদস্য ও স্থানীয়রা বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। পরে প্রধান অতিথিও খাড়ি ও ক্যানেলের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মাহফুজুর রহমান জানান, কর্মসূচির আওতায় ৫০০টি মেহগনি, আম, নিমসহ বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি আরও ১ হাজার চারা স্থানীয় মানুষের মধ্যে বিতরণ করা হবে।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বাড়াতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও নিয়মিতভাবে বৃক্ষরোপণ ও চারা বিতরণের কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।
মন্তব্য করুন