ঝালকাঠির রাজাপুর উপজেলা মহিলা দলের ৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোসা. মাহমুদা বেগমকে সভাপতি এবং অর্থি আক্তার রিক্তাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মোসা. শাকিলা আক্তার, সহ-সভাপতি সুমাইয়া আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মর্জিনা বেগম, সহ-সাধারণ সম্পাদক মোসা. সুলতানা রাজিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজা আক্তার, প্রচার সম্পাদক সামিহা আক্তার এবং দপ্তর সম্পাদক রুহানা আক্তার।
নতুন কমিটির সভাপতি মোসা. মাহমুদা বেগম বলেন, রাজাপুর উপজেলা মহিলা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। দলের নীতি ও আদর্শের প্রতি অবিচল থেকে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সাধারণ সম্পাদক অর্থি আক্তার রিক্তা বলেন, তাঁকে দেওয়া দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবেন। রাজাপুরের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মহিলা দলের কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে এগিয়ে নেওয়াই তাঁর প্রধান লক্ষ্য।
ঝালকাঠি জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল বলেন, দলের প্রতি যেসব নেতাকর্মীর অবদান রয়েছে এবং দুর্দিনে যারা নেতাকর্মীদের পাশে ছিলেন, তাঁদের মধ্য থেকে যোগ্য ও সক্রিয়দের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, যারা দলের সুনাম ক্ষুণ্ন করবেন না, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের জন্য কাজ করবেন এবং যাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ নেই, তাঁদের কমিটিতে গুরুত্ব দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃত্বে আগামী দিনে রাজাপুর উপজেলা মহিলা দল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মন্তব্য করুন