চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বেড়িবাঁধ সংলগ্ন ফাঁসিতলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল। একপর্যায়ে একটি আমবাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় একটি সুটারগান, একটি বুলেট ও দুটি হাসুয়া পাওয়া যায়।
এ ছাড়া বোমা তৈরিতে ব্যবহৃত ১ কেজি ৮৫০ গ্রাম গানপাউডারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মামলার বাদী এসআই (নিরস্ত্র) আখতারুজ্জামান। র্যাবের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।
মন্তব্য করুন