চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৬০ পিস ইয়াবাসহ মো. বিশু (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) রাত ৯টা ১৫ মিনিটের দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বাজারসংলগ্ন গ্রামীণফোন টাওয়ারের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. বিশু শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া চিল্লাইপাড়া এলাকার মো. মোশারফ হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. তারেক মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মো. বিশুকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
শিবগঞ্জ থানার ইনচার্জ মো. মতিউর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদক ও চোরাচালানমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে। মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন