বাগেরহাটের মোরেলগঞ্জে গবাদি পশু ও হাঁস-মুরগির টিকাদান বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘কেয়ার বাংলাদেশ’-এর ‘নবপল্লব’ প্রকল্পের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে মোরেলগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কেয়ার বাংলাদেশের সিনিয়র উপজেলা প্রকল্প কর্মকর্তা নাজমুল হক রেজওয়ান। এরপর গবাদি পশু ও হাঁস-মুরগির টিকাদানের ওপর বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আবু হানিফ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেয়ার বাংলাদেশের সিনিয়র লাইভলিহুড অফিসার মো. হুমায়ুন কবির এবং ফিল্ড ফেসিলিটেটর আফিয়া সুলতানা।
উপজেলার ৬টি ইউনিয়নের ৫০ জন স্থানীয় উদ্যোক্তা এই মতবিনিময় ও প্রশিক্ষণ সভায় অংশ নেন। প্রশিক্ষণপ্রাপ্ত এই উদ্যোক্তারা নিজ নিজ এলাকায় গবাদি পশু ও হাঁস-মুরগিকে প্রয়োজনীয় ভ্যাকসিন বা টিকা দেওয়ার কাজ পরিচালনা করবেন। এছাড়া জনসচেতনতা বাড়ানোর অংশ হিসেবে পুরো এলাকায় মাইকিংয়ের মাধ্যমে প্রচার করা হয়।
মন্তব্য করুন