উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় লঘুচাপ সৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। টানা ভারী বৃষ্টিতে সিলেট বিভাগের প্রধান নদীগুলোর পানি সমতল ঊর্ধ্বমুখী হওয়ায় মৌলভীবাজার ও হবিগঞ্জের নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় সাময়িক বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলের মনু, ধলাই ও খোয়াই নদীর পানি সমতল দ্রুত বেড়েছে। নদীগুলোর বিভিন্ন পয়েন্টে পানি সতর্কসীমার দিকে অগ্রসর হচ্ছে।
বিশেষ করে মনু নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় মৌলভীবাজারের নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে। পাশাপাশি সুরমা ও কুশিয়ারা নদীর পানিও ধারাবাহিকভাবে বাড়ছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন এসব নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।
তবে নদীগুলোর পানি পরিস্থিতিতে স্থানভেদে কিছুটা ভিন্নতা রয়েছে। পাউবোর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, হবিগঞ্জের চুনারুঘাটসংলগ্ন খোয়াই নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ সকালের মধ্যে এ নদীর পানি আরও ১০ থেকে ৫০ সেন্টিমিটার পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তারপরও উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবণতা থাকায় সার্বিক বন্যা ঝুঁকি পুরোপুরি কাটেনি।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী এক দিন নদীগুলোর পানি বাড়তে পারে। এরপর পরবর্তী দুই দিন পানি সমতল স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।
এ পরিস্থিতিতে নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সার্বক্ষণিক সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতির ওপর নজর রাখছে।
মন্তব্য করুন