
চোখে সানগ্লাস, হালকা রঙের শাড়ি আর গলায় মুক্তোর মালা—প্রথম দেখায় যে কারও চোখে ধাঁধা লাগতে পারে। পর্দায় যেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তবে একটু ভালো করে তাকালেই বোঝা যায়, তিনি অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
খালেদা জিয়ার পরিচিত সাজ ও অবয়ব ধারণ করে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। নিজের ভ্লগ সিরিজ ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’-এর নতুন পর্বে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন নিয়ে কথা বলার সময় তার পরিচিত লুকেই ক্যামেরার সামনে হাজির হন চমক।
শনিবার (২২ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভ্লগ সিরিজটির দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন তিনি। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই পর্বে সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা করা হয়েছে। ঢাকার জিয়া উদ্যানসহ কয়েকটি স্টুডিও লোকেশনে ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়।
ভিডিওতে চমকের পরনে ছিল হালকা রঙের প্রিন্টের শাড়ি। গলায় মুক্তোর মালা ও চোখে সানগ্লাস। খালেদা জিয়ার পরিচিত উপস্থিতির সঙ্গে মিল রেখে সাজানো হয়েছিল তার পুরো লুক।
ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। চমকের সাজ, অভিব্যক্তি ও উপস্থাপনার প্রশংসা করেছেন অনেক নেটিজেন। কেউ কেউ মন্তব্য করেছেন, তাকে দেখতে অনেকটাই খালেদা জিয়ার মতো লাগছে। আবার কারও মতে, এভাবে খালেদা জিয়ার উপস্থিতিকে আগে কখনো উপস্থাপন করা হয়নি।
অনেক দর্শক জানিয়েছেন, ভিডিওটির কিছু মুহূর্তে তাদের কাছে সত্যিই মনে হয়েছে পর্দায় খালেদা জিয়াই উপস্থিত। একজন দর্শক মন্তব্য করেন, ‘হৃদয় ছুঁয়ে গেল ভিডিওটা। অসাধারণ উপস্থাপনা।’ তার মতো আরও অনেকেই চমকের অভিনয় ও উপস্থাপনার প্রশংসা করেছেন।
তবে চমকের এ আয়োজনের সঙ্গে তার সাম্প্রতিক রাজনৈতিক সম্পৃক্ততার প্রসঙ্গও সামনে এসেছে। চলতি বছর কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির মনোনয়ন ফরম কিনে আলোচনায় আসেন তিনি। সে সময় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন এই অভিনেত্রী।
২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন রুকাইয়া জাহান চমক। তিন বছরের বিরতির পর ২০২০ সালে ছোট পর্দায় অভিনয়ে ফেরেন তিনি। এরপর ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের পরিচিত মুখ হয়ে ওঠেন।
অভিনয়ের পাশাপাশি বর্তমানে ভ্লগিংয়েও সক্রিয় চমক। খালেদা জিয়ার পরিচিত সাজে তার সাম্প্রতিক উপস্থিতি সেই ভ্লগে নতুন মাত্রা যোগ করেছে। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার সাজ ও উপস্থাপনা নিয়ে নেটিজেনদের আলোচনা ও প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন