রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাকির বিরুদ্ধে সরকারি গাছ কেটে গোপনে বিক্রি করার অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শ্যামপুর বাজার পেরিয়ে বিসমিল্লাহ নার্সারি থেকে আকন্দপাড়া যাওয়ার সড়কের পাশে কাটা গাছের গুঁড়ি মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে।
স্থানীয়দের দাবি, সম্প্রতি ঝড়-বৃষ্টিতে রাস্তার ধারের একটি ইউক্যালিপটাস গাছ হেলে পড়ে। পরে ইউপি সদস্য সাকি তার লোকজন নিয়ে রাতের আঁধারে গাছটি কেটে বিক্রি করে দেন। গাছটির আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানিয়েছেন স্থানীয়রা।
নাম প্রকাশ না করার শর্তে শ্যামপুর বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, সরকারি নিয়ম উপেক্ষা করে গাছটি গোপনে বিক্রি করা হয়েছে। একজন জনপ্রতিনিধির এমন কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
স্থানীয় এক চৌকিদার জানান, গাছটি হেলে পড়ার পর তিনি ইউপি সদস্যকে সরকারি অনুমোদন নিয়ে গাছ কাটার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তার কথা উপেক্ষা করেই গাছটি কেটে ফেলা হয়।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য সাকির বক্তব্য জানতে তার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে তাকে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হক বলেন, গাছ কাটার বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি।
এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনজুমান সুলতানা বলেন, “বিষয়টি কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য করুন