চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রফেসরপাড়ায় এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস (IELTS) ও অ্যাসেট (ASSET) প্রজেক্টের বিভিন্ন ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে নতুন যাত্রা শুরু করেছে এনআর’স ওয়ার্ল্ড ইংলিশ এডুকেশন সেন্টার। অনুষ্ঠানে ‘ইংলিশ ফর ওয়ার্ক-২’ এবং ‘ট্যুর গাইডিং-৩’ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় দেওয়া হয়।
শনিবার (৯ মে) সকাল ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দীন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ইংরেজি ভাষার দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্র, উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক যোগাযোগে ইংরেজির গুরুত্ব দিন দিন বাড়ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআর’স ওয়ার্ল্ডের উপদেষ্টা এনামুল হক তুফান। তিনি বলেন, আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করাই তাদের মূল লক্ষ্য। নতুন এই শিক্ষা কার্যক্রমের মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, ইম্পেরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, মাসুদ-উল-হক ইনস্টিটিউটের প্রধান শিক্ষক রোকসানা আহমদ এবং শাহ নেয়ামতুল্লাহ কলেজের ইংরেজি প্রভাষক নওসাবাহ নেহা।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তাসনিয়া অলিভ ইউসা ও ইসরাত জাহান। স্বাগত বক্তব্য দেন এনআর’স ওয়ার্ল্ডের পরিচালক ইব্রাহিম খলীল (নয়ন)। তিনি জানান, প্রতিষ্ঠানে স্পোকেন ইংলিশ, কিডস স্পোকেন ইংলিশ এবং একাডেমিক ইংলিশসহ বিভিন্ন কোর্স চালু রয়েছে। শিশু থেকে শুরু করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পৃথক পাঠদানের ব্যবস্থা রাখা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ট্রেইনার রিফা তামান্নাসহ শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা নতুন এই উদ্যোগকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন যে, এ ধরনের কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জে ইংরেজি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, দক্ষ ইংরেজি জ্ঞান অর্জন করলে শিক্ষার্থীরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে। তাই আধুনিক প্রশিক্ষণভিত্তিক শিক্ষা কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য করুন