মাগুরায় মাদকদ্রব্যসহ আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাগুরার যৌথ অভিযানে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন সুমন ও সুজন। তাদের মধ্যে একজনের বাড়ি শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকায় এবং অপরজনের বাড়ি মাগুরা সদর উপজেলার নড়িহাটি-শিবরামপুর এলাকায়।
আটকের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাগুরার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। অভিযানে জেলা প্রশাসনের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. বেলাল হোসেনের নেতৃত্বে একটি দল অংশ নেয়। এ সময় অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
মন্তব্য করুন