বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) মোরেলগঞ্জের দি লাইসিয়াম একাডেমি মিলনায়তনে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, বাগেরহাট আঞ্চলিক শাখার উদ্যোগে মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। অনুষ্ঠানের শুরুতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, বাগেরহাট আঞ্চলিক শাখার সভাপতি মো. জাকির হোসেন রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি ও সুন্দরবন একাডেমির অধ্যক্ষ মো. আব্দুল ওহাব, ভাসানী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মো. ইলিয়াস হোসেন লিটন, সাধারণ সম্পাদক ও মিয়া ফুয়াদ একাডেমির অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মামুন, জেকে একাডেমির প্রতিষ্ঠাতা মো. ফারুক হোসেন, মোরেলগঞ্জ মডেল একাডেমির পরিচালক ইঞ্জিনিয়ার নাহিদ মাহমুদ, অভিভাবক প্রতিনিধি অধ্যাপক শিমুল বিশ্বাস, আব্দুল মালেক সুমন এবং শিক্ষার্থীদের পক্ষে মুমতাহা আরিশা ফারিন।
এসময় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের জাতীয় পর্যায়ের সম্মিলিত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র এবং বৃত্তির অর্থ তুলে দেন প্রধান অতিথি। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ছিলেন দি লাইসিয়াম একাডেমির শুভাশীষ ও মুমতাহা আরিশা ফারিন, ভাসানী কিন্ডারগার্টেনের অহিদা ও অর্ঘ্য, পোলেরহাট আদর্শ একাডেমির কুলসুম এবং মোরেলগঞ্জ মডেল একাডেমির মুজাহিদ।
অনুষ্ঠানে বক্তারা কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা, বৈষম্য ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় প্রধান অতিথির সামনে তুলে ধরেন। প্রধান অতিথি অধ্যক্ষ আব্দুল আলীম বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শুনে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সহযোগিতা ও সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন।
মন্তব্য করুন