বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ফেরিঘাটে জরুরি সংস্কার কাজের কারণে শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে টানা তিন দিনের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরিঘাটের উভয় প্রান্তের বেইলি পাটাতন অপসারণ এবং বারইখালী প্রান্তের পন্টুন মেরামতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
সড়ক বিভাগ জানিয়েছে, সংস্কারকাজ শেষ হলে আগামী সোমবার (৬ জুলাই) সকাল ৬টা থেকে পূর্বের নিয়মে ফেরি চলাচল পুনরায় শুরু হবে।
এর আগে মঙ্গলবার (৩০ জুন) বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইনবোর্ড–বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ অংশে পানগুছি নদীর ফেরিঘাটের উভয় প্রান্তের বেইলি পাটাতন দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত থাকায় যানবাহন চলাচলে ঝুঁকি ও দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। এছাড়া বারইখালী প্রান্তের পন্টুনেও ত্রুটি দেখা দেওয়ায় এবং জোয়ারের সময় সংযোগ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় নিরাপদ ও নির্বিঘ্ন যোগাযোগ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সংস্কার কাজের উদ্যোগ নেওয়া হয়েছে।
সড়ক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই সংস্কার কাজ সম্পন্ন করে সোমবার সকাল ৬টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। এ সময়ের মধ্যে যাত্রী ও যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয়দের আশা, দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে সংস্কার কাজ শেষ হলে ফেরিঘাট দিয়ে যানবাহন চলাচল আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে।
মন্তব্য করুন