নড়াইলে মানসিক প্রতিবন্ধী যুবক আনোয়ার হোসেনকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আকাশ বিশ্বাসকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) ভোরে যশোরের নারকেলবাড়িয়া এলাকা থেকে গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। আকাশ বিশ্বাস নড়াইল সদর উপজেলার গোবরা মালোপাড়া গ্রামের বাসিন্দা।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই আকাশ বিশ্বাস পলাতক ছিলেন। পুলিশ অভিযান চালিয়ে যশোরে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি খাটের নিচে লুকিয়ে ছিলেন। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ জুন সকালে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বাঁশগ্রাম গ্রামের মানসিক প্রতিবন্ধী আনোয়ার হোসেন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে অভিযোগ ওঠে, ভ্যান চুরির সন্দেহে গোবরা মালোপাড়া এলাকার কয়েকজন তাকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাতভর নির্যাতন চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় এক ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আনোয়ারকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২ জুলাই) সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত ২৯ জুন নিহতের বড় ভাই নবীর হোসেন পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে নড়াইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন