সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কৃতিসন্তান মোঃ শাহাজাহান রনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় এলাকাজুড়ে আনন্দের জোয়ার বইছে। তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিকে স্বাগত জানিয়ে ইউনিয়নের সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও যুবসমাজ সন্তোষ ও গর্ব প্রকাশ করেছেন।
স্থানীয়দের মতে, সাধারণ পরিবার থেকে উঠে আসা শাহাজাহান রনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং কর্মীবান্ধব মনোভাবের পরিচয় দিয়েছেন। গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকার কারণে তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
স্থানীয় নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ পদে শাহাজাহান রনির মনোনয়ন তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও সাংগঠনিক অবদানের যথাযথ মূল্যায়ন। এতে শুধু বুড়িগোয়ালিনী ইউনিয়ন নয়, পুরো শ্যামনগর উপজেলা এবং সাতক্ষীরা জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর বিশ্বাস, মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পাশাপাশি উপকূলীয় অঞ্চলের মানুষের সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নের বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে সক্ষম হবেন।
শাহাজাহান রনিকে কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের বাসিন্দারা। এক যৌথ প্রতিক্রিয়ায় তারা বলেন, তৃণমূলের একজন ত্যাগী ও পরীক্ষিত নেতাকে মূল্যায়ন করায় দলের শীর্ষ নেতৃত্ব প্রশংসার দাবিদার।
স্থানীয়রা আরও বলেন, শাহাজাহান রনির মতো তরুণ ও কর্মীবান্ধব নেতার নেতৃত্বে যুবসমাজ দেশ ও জাতির কল্যাণে আরও বেশি ভূমিকা রাখতে উৎসাহিত হবে। একই সঙ্গে জাতীয়তাবাদী আদর্শের প্রসার এবং এলাকার উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত কেন্দ্রীয় নেতা মোঃ শাহাজাহান রনির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সাফল্য কামনা করে বুড়িগোয়ালিনী ইউনিয়নের সর্বস্তরের জনগণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মন্তব্য করুন