বাগেরহাটের রামপালে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, ভূমি ও খাল দখল, অবৈধ বালু উত্তোলন, বাজার মনিটরিং এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা জানান, বর্তমানে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে স্বাভাবিক থাকলেও কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কঠোর নজরদারি প্রয়োজন। বিশেষ করে মাদকবিরোধী অভিযান জোরদার করা, মৎস্যঘের দখল রোধ এবং সরকারি রেকর্ডভুক্ত খাল দখলকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠে আসে।
এছাড়া বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত মনিটরিং জোরদার করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা দৃশ্যমানভাবে প্রদর্শনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা জরুরি।
সভায় আরও আলোচনা হয় উপজেলার বিভিন্ন এলাকায় ভূগর্ভ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি নিয়ে। বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সবসময় সচেষ্ট রয়েছে। জনস্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।” তিনি সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী-কে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিবুল ইসলাম রাজীব-কে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদারের নির্দেশ দেন।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এ. আনোয়ারুল কুদ্দুস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, রামপাল সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক মো. তাহিদুল ইসলাম, প্রেসক্লাব রামপালের সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং হুড়কা ইউনিয়ন পরিষদের সচিব হরিপদ সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের পক্ষ থেকে লবণ বিতরণ কার্যক্রমের বিষয়েও আলোচনা করা হয়। পাশাপাশি কোরবানির পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়, যাতে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষা পায়।
মন্তব্য করুন