বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ৪৬নং গাজী মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ এক দশক ধরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। ভবন ধসে দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটছে শিক্ষার্থী ও অভিভাবকদের।
সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির ভবন ১৯৯৫-৯৬ অর্থবছরে নির্মিত হয়। বর্তমানে ওই ভবনের দেয়াল, ছাদ ও বারান্দার পিলার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ছে এবং পিলারের রড বেরিয়ে এসেছে, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।
বিদ্যালয়ে বর্তমানে ৭১ জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষক পদ পাঁচটি থাকলেও কর্মরত আছেন চারজন। ২০২০ সাল থেকে প্রধান শিক্ষকের পদটি শূন্য রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন জাকারিয়া হাওলাদার।
দুপুরে ক্লাস চলাকালে দেখা যায়, জরাজীর্ণ শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা আতঙ্ক নিয়ে পাঠ নিচ্ছে। অনেক শিক্ষার্থীই জানায়, তারা সবসময় ভয়ে থাকে—কখন না ছাদের পলেস্তারা খসে পড়ে।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আমেনা আক্তার, নাদিয়া আক্তার ও রুম্মান শিকদারসহ অন্যরা জানায়, আমরা ভয়ে ভয়ে ক্লাস করি। কখন মাথার ওপর কিছু পড়ে যায় এই আতঙ্কে থাকি। আমাদের একটি নতুন ভবন দরকার।
অভিভাবক মোকলেছুর রহমান, নাজিম উদ্দিন ও সাবেক ইউপি সদস্য শাহিন শিকদার বলেন, বিদ্যালয়টি দীর্ঘদিনের পুরনো হলেও শিক্ষার মান ভালো। কিন্তু ভবনের ঝুঁকির কারণে অনেকেই সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন।
স্থানীয়রা দ্রুত নতুন ভবন নির্মাণ করে নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মন্তব্য করুন