সারা দেশের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৯টায় জেলা সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম), জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত নানা জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে কর্মসূচি সফল বাস্তবায়নে সংশ্লিষ্টদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় কুড়িগ্রাম জেলার ২ হাজার ৭০টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী মোট ৩ লাখ ৩৩ হাজার ৩১৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ক্যাম্পেইন সফল করতে জেলার প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং নির্ধারিত বয়সের সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন