ইতালির রাজধানী রোমে নৃশংস হত্যাকাণ্ডে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রবাসী কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং পাঁচ বছর বয়সী কন্যা আরোয়া ইসলাম আরিশা নিহত হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিজ গ্রাম চরকাঁকড়ার বিজয়নগরে। তবে সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো—এখনো একমাত্র ছেলে বাবুলের মৃত্যুর খবর জানেন না তার বৃদ্ধা মা জাহানারা বেগম।
শনিবার (২৭ জুন) বিকেলে বাবুলের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, শোকে স্তব্ধ পুরো পরিবার। ঘরের এক কোণে বসে অঝোরে কাঁদছেন প্রায় ৬০ বছর বয়সী জাহানারা বেগম। চোখের পানি মুছতে মুছতে তিনি বারবার বলছিলেন, “আমার বাবুল আবার আইবো, আমার বাবুলের কিছু হইব না।”
তার বুকফাটা আহাজারিতে উপস্থিত স্বজন ও প্রতিবেশীদের চোখও অশ্রুসিক্ত হয়ে ওঠে। পরিবারের সদস্যরা জানান, জাহানারা বেগমের শারীরিক অবস্থা বিবেচনায় এখনো তাকে ছেলের মৃত্যুর খবর জানানো হয়নি। তাকে শুধু বলা হয়েছে, বাবুল গুরুতর অসুস্থ হয়ে ইতালির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, ২০১০ সালে জীবিকার সন্ধানে ফুফাতো বোনের জামাই আমিন উল্যার সহযোগিতায় ইতালিতে যান কামাল উদ্দিন বাবুল। বিদেশ যাওয়ার আগে পারিবারিকভাবে একই ইউনিয়নের মমতাজ বেগম আরজুকে বিয়ে করেন। পরে তাদের সংসারে জন্ম নেয় ছেলে অয়ন ও মেয়ে আরোয়া ইসলাম আরিশা। দীর্ঘ প্রবাসজীবনের সংগ্রামে ইতালিতে গড়ে ওঠে তাদের সুখের সংসার। পরিবারের আশা ছিল, কয়েক বছর পর দেশে ফিরে স্থায়ীভাবে বসবাস করবেন বাবুল। কিন্তু সেই স্বপ্ন চিরতরে ভেঙে যায়।
ইতালির স্থানীয় সময় শুক্রবার রাত ৮টার দিকে রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তির ভিয়া মন্তিলিও এলাকায় ধারালো অস্ত্রের হামলায় নিহত হন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং শিশু কন্যা আরোয়া ইসলাম আরিশা। এ ঘটনায় গুরুতর আহত হন তাদের ছেলে অয়ন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের স্বজনদের দাবি, একই গ্রামের শাহাদাত হোসেনের সঙ্গে বাবুলের স্ত্রীর সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে। তাদের অভিযোগ, দেশে থাকাকালীন সময় থেকেই এ নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। পরে বাবুল স্ত্রী-সন্তানকে ইতালিতে নিয়ে যান। অন্যদিকে শাহাদাত কয়েক বছর যুক্তরাজ্যে থাকার পর ইতালিতে যান।
স্বজনদের অভিযোগ, ঘটনার দিন বিরোধ মীমাংসার উদ্দেশ্যে উভয়পক্ষের মধ্যে বৈঠক চলাকালে তর্ক-বিতর্কের একপর্যায়ে শাহাদাত ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে ঘটনাস্থলেই নিহত হন বাবুল, তার স্ত্রী ও শিশু কন্যা। প্রাণ বাঁচাতে পালিয়ে গিয়ে রক্ষা পায় ছেলে অয়ন।
পরিবারের অভিযোগ, ঘটনার পর সন্দেহভাজন শাহাদাত হোসেন তার ফেসবুক অ্যাকাউন্টে একটি রহস্যজনক স্ট্যাটাস দেন। সেখানে লেখা ছিল, “একজন মানুষ শুধু নিজে একা মরে না, নিজেও মরে অন্যকেও মরার মতো করে রেখে যায়। তাই মরার সময় প্রিয়জনদেরও সঙ্গে নিয়ে মরা উচিত। তাতে কারও জন্য কাউকে কষ্ট পেতে হয় না।”
শনিবার ইতালির আইনশৃঙ্খলা বাহিনী শাহাদাত হোসেনের ছবি প্রকাশ করে তাকে ট্রিপল মার্ডার মামলার প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে এবং তার অবস্থান সম্পর্কে তথ্য দিতে জনসাধারণের প্রতি আহ্বান জানায়।
শাহাদাতের বড় ভাই, সৌদি প্রবাসী ইসমাইল হোসেন হারুন বলেন, “চার বছর আগে শাহাদাত পরিবারসহ যুক্তরাজ্যে চলে যায়। এরপর থেকে পরিবারের সঙ্গে তার তেমন যোগাযোগ ছিল না।”
নিহত বাবুলের বাবা সিরাজুল ইসলাম জানান, প্রায় এক বছর আগে তার ছেলেকে হত্যার হুমকি দিয়ে একটি উড়ো চিঠি পাঠানো হয়েছিল। বিষয়টি মৌখিকভাবে কোম্পানীগঞ্জ থানাকে জানানো হয়েছিল বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, “তখন ভয় পেয়েছিলাম। কিন্তু কখনো ভাবিনি আমার ছেলেকে এভাবে হারাতে হবে।”
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, “তৎকালীন সময়ে ভুক্তভোগী পরিবার মৌখিকভাবে বিষয়টি পুলিশকে জানিয়েছিল। এরপর পুলিশ নিয়মিত টহলের মাধ্যমে তাদের নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করেছিল।”
এদিকে ইতালীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, শুক্রবার রাতে একটি পার্কসংলগ্ন এলাকা থেকে চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তদন্তকারীদের প্রাথমিক ধারণা, ধারালো অস্ত্রের আঘাতে তাদের হত্যা করা হয়েছে।
চরকাঁকড়ার সেই বাড়িটিতে এখন শুধুই কান্না আর অপেক্ষা। সবচেয়ে বেদনাদায়ক বিষয়—যে ছেলের জন্য প্রতিদিন পথ চেয়ে আছেন মা জাহানারা বেগম, তিনি এখনো জানেন না, তার সেই বাবুল আর কোনোদিন ফিরে এসে বলবে না, “মা, আমি আইছি।”
মন্তব্য করুন