জুলাই অভ্যুত্থানে নিহত শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রামে ৩৬ দিনব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির উদ্বোধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখা।
বুধবার (১ জুলাই) বিকেল ৪টায় কুড়িগ্রাম কলেজ মোড়স্থ জুলাই স্মৃতি স্তম্ভে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পুষ্পার্ঘ্য অর্পণ এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, শ্রমিক শক্তির আহ্বায়ক মজনু মিয়া, স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক তাজুল ইসলাম, সদর উপজেলা আহ্বায়ক শাহজাহান আলী সুমন, পৌর আহ্বায়ক আরিফুজ্জামান সাগর, রাজারহাট উপজেলা আহ্বায়ক অ্যাডভোকেট সাজ্জাদুল ইসলাম সাগরসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে নিহত শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদ ও আহতদের আত্মত্যাগ দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই আত্মত্যাগের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ এবং দেশ গঠনে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি করতেই ৩৬ দিনব্যাপী ‘জুলাই জাগরণ’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বক্তারা আরও জানান, কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ আগস্ট পর্যন্ত কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় স্মরণসভা, আলোচনা সভা, গণসংযোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জনসম্পৃক্ত বিভিন্ন কর্মসূচি পর্যায়ক্রমে আয়োজন করা হবে।
মন্তব্য করুন