লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেতুলিয়ায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন’ উদ্বোধন করা হয়েছে। নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করা এবং বাংলা কিউআর (Bangla QR) কোড ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তেতুলিয়া চৌরাস্তা বাজারের বীর মুক্তিযোদ্ধা তমিজ মার্কেট এলাকায় ফিতা কেটে ক্যাম্পেইনের উদ্বোধন করেন পঞ্চগড় পূবালী ব্যাংক পিএলসির সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. রবিউল ইসলাম।
তেতুলিয়া পূবালী ব্যাংক পিএলসির উপশাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোহাম্মদ আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জীবন ইসলাম, তেতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাদাত হোসেন রঞ্জু, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লাইছুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি তেতুলিয়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল লেনদেনের প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগদ অর্থের ব্যবহার কমিয়ে প্রযুক্তিনির্ভর নিরাপদ ও দ্রুত লেনদেন নিশ্চিত করতে বাংলা কিউআর কোড কার্যকর ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা সহজেই মোবাইল অ্যাপের মাধ্যমে অর্থ পরিশোধ করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে, পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য ডিজিটাল পেমেন্ট গ্রহণ আরও সহজ ও নিরাপদ হবে।
ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার বাড়বে এবং দেশের ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার উদ্যোগ আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
মন্তব্য করুন